রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে ফেলা হচ্ছে শাহবাগ থানা। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে পর শাহবাগ থানা স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে শাহবাগের সাকুরা রেস্টুরেন্টের জায়গায় নেয়া হবে থানা।
সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ' প্রকল্প বাস্তবায়নে শাহবাগ থানা ছিল অন্যতম প্রধান বাধা। এই সিদ্ধান্তের ফলে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বাধা থাকল না। মন্ত্রণালয় এর আগেও এ বিষয়ে চেষ্টা-তদবির করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা সরানোর উদ্যোগ নেয়নি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও থানা স্থানান্তরের বিরোধিতা করে আসছিল।